Skip to content

তোমার জন্য শেখা

সময় ধীরে ধীরে অতিবাহিত হয়।
বদলায় মানুষের জীবন।
একটা মানুষকে তার জীবনে কত কিছুই না বদলাতে হয়। যেমন, আমি বদলেছি তোমাকে পেয়ে। কি দূরন্তই না ছিলাম। থমকে গেছি তোমার গন্ধে। একটা সময় ছিল যখন ভাবনার জন্য অনেক কিছুই ছিল। শুধু তুমি ছিলেনা। যখন তুমি এলে সব হারিয়ে গেলো। ভাবনার রাজ্যে এখন শুধুই তুমি।
আমার খোলা আকাশে তোমার মেঘের মত লুকোচুরি আমাকে তাড়িয়ে বেড়ায়। যখন ভালোবাসা দিয়েছিলে তখনকার পরিবর্তন ভালোবাসার মতই ছিল। যখন কষ্ট দিয়েছ তখনকার পরিবর্তন কষ্টের মতই হয়েছে। পরিবর্তন আর বিবর্তনের স্রোতে গা ভাসিয়ে আজ আমি অন্য সভ্যতার একজন প্রাণী। তবুও আছি তোমার অপেক্ষায়।
তুমিই আসবে বলে মনটা যখন কাঁদে তখন মনে পরে তোমার সাথে করা শক্ত আচরণগুলো।
বংশগত স্বভাব আজ বদলেছি শুধু তোমাকে পাবার আশায়। ভালবাসতে শিখেছি সেই সব ব্যক্তি, কর্মকে যা করতে হবে কখনও ভাবিনি। আমি বলিনি আমি তোমায় ভালোবাসি। তবে কারো ভাবনার আকাশ জুড়ে বাস করা যদি ভালোবাসা হয়, দুঃখে-কষ্টে, আনন্দে যার কথা মনে আসে সে যদি তুমি হও, কোন ললনার কথা ভাবলে সে তুমি বিনা অন্য কেউ না হলে সেটা যদি ভালোবাসা হয় তবে আমি তোমাকে ভালোবাসি। শত প্রতিবন্ধকতার পরও তোমার সাথে একটু কথা বলার স্পৃহা যদি ভালোবাসা হয় তবে আমি তোমাকে ভালোবাসি। তোমার জন্য রাত জাগা, একটা কলের জন্য ঘণ্টার পর ঘণ্টা মোবাইল এর স্ক্রিনে তাকিয়ে থাকা, তুমি বিনা অন্য নারীতে আকর্ষন না থাকা যদি ভালোবাসা হয় তবে সত্যি আমি তোমাকে খুব খুব ভালোবাসি।
এগুলো আমার হৃদয় নিংড়ানো প্রলাপ। তোমার তৈরিকৃত দূরত্ব আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ভালো লাগছিল না তাই লিখলাম।

Back To Top